মৌহিনী একাদশী বার্তা ২০২৫

।। একাদশী বার্তা ।। 🌼

আগামী বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পবিত্র মোহিনী একাদশী
পারণ সময়:
ভারত: সকাল ০৪:৫৮ থেকে ০৯:২৪ মিনিট পর্যন্ত
বাংলাদেশ: সকাল ০৫:১৯ থেকে ০৯:৪৩ মিনিট পর্যন্ত

---


ব্রত মাহাত্ম্য কথনঃ


কুর্মপুরাণ অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী ‘মোহিনী একাদশী’ নামে প্রসিদ্ধ।

একদা ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন—

“হে জনার্দন! বৈশাখ শুক্লপক্ষের এই একাদশীর নাম কী, ফল কী ও ব্রত বিধি কিরূপ?”


শ্রীকৃষ্ণ বলেন, “হে ধর্মপুত্র! পূর্বে শ্রীরামচন্দ্রও মহর্ষি বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন।

সীতাবিরহে ক্লিষ্ট রামচন্দ্র জানতে চেয়েছিলেন এমন একটি ব্রতের কথা, যা সমস্ত পাপ ও দুঃখ বিনাশ করে।”


বশিষ্ঠ মুনি উত্তরে বলেন—

“হে রাঘব! বৈশাখ মাসের শুক্লপক্ষীয় এই ‘মোহিনী একাদশী’ সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র ব্রত।

এটি পালন করলে মানুষের মোহজাল, পাপ ও দুঃখ মুহূর্তেই বিনষ্ট হয়।”


---


ধৃষ্টবুদ্ধি চরিতঃ (এক অনন্য দৃষ্টান্ত)


ভদ্রাবতী নগরীর রাজা ছিলেন ধৃতিমান, এবং নগরবাসী ধনপাল নামক এক বৈশ্য ছিলেন বিশিষ্ট দানশীল ও বিষ্ণুভক্ত।

তাঁর পঞ্চপুত্রের মধ্যে ধৃষ্টবুদ্ধি ছিল চরম দুরাচারী—বেশ্যাসক্ত, মাদকাসক্ত ও পিতৃঅবহেলাকারী।

পিতা একদিন তাকে একদল বেশ্যার সঙ্গে দেখেন এবং লজ্জিত হয়ে ঘর থেকে তাড়িয়ে দেন।

অবশেষে ধৃষ্টবুদ্ধি সর্বস্ব হারিয়ে বনে আশ্রয় নেয়, সেখানে চুরি ও হিংসায় জীবন কাটাতে থাকে।


একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়। গঙ্গাস্নাত ঋষির বস্ত্র হতে এক ফোঁটা জল তার গায়ে পড়তেই তার চেতনা ফিরে আসে।

সে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে পাপ মুক্তির উপায় জানতে। ঋষি তাকে মোহিনী একাদশী ব্রত পালনের উপদেশ দেন।

ধৃষ্টবুদ্ধি সেই ব্রত একাগ্রচিত্তে পালন করে নিষ্পাপ হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করে।


---


মোহিনী একাদশীর মহিমাঃ

এই ব্রত পালনে বহু জন্মের পাপ বিনষ্ট হয়।

দুঃখ, মোহ ও বন্ধন থেকে মুক্তি মেলে।

যজ্ঞ, দান, তীর্থ বা কোনো পুণ্যকর্মই এর সমতুল নয়।

কেবল এর মাহাত্ম্য শ্রবণ ও কীর্তনে সহস্র গো-দানের ফল লাভ হয়।


---


তাই আসুন, আমরা সকলে নিষ্ঠা ও একাগ্রতায় মোহিনী একাদশী ব্রত পালন করি এবং পরম পবিত্রতা ও শ্রীভক্তির আশীর্বাদ লাভ করি।


শুভ মোহিনী একাদশী!


হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।


সৌজন্যঃ কৃষ্ণ কন্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ